দেশ

ডোমকলের জিৎপুর বিএড কলেজে কেরিয়ার কাউন্সিলিং ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নাগরিক ঐক্য মঞ্চের

নাগরিক ঐক্য মঞ্চের উদ্যোগে মুর্শিদাবাদের ডোমকলের জিৎপুর বিএড কলেজে অনুষ্ঠিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ভবিষ্যতে কোন কোন বিষয়ে পড়লে চাকরির সুযোগ বেশি, সেই সম্পর্কে বিশদ দিকনির্দেশনা দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।

সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন নলহাটি হীরালাল ভকত কলেজের ইংরেজির অধ্যাপক ড. সুজন মন্ডল ওরফে হাসিব হাসান, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড. শাহনোয়াজ খান, কবিগুরু বিএড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও কবি মোকতার হোসেন মন্ডল, চাতক ফাউন্ডেশনের সম্পাদক মফিজুল শেখ, সেলিম মন্ডল প্রমুখ।ড. হাসিব হাসান তাঁর বক্তব্যে জানান, “আমি ক্লাসে ইংরেজিতে মাত্র তিন পেয়েছিলাম, কিন্তু আজ আমি ইংরেজির অধ্যাপক! আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে পিএইচডি, জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে এমফিল এবং জেএনইউ থেকে গবেষণা করেছি। শুধু ভারত নয়, অক্সফোর্ড, কেমব্রিজ, ফ্রান্স, জার্মানি, ইরাক, তুরস্ক সহ বিভিন্ন দেশে গবেষণার সুযোগ পেয়েছি। আমি ভারতের ২৯টি রাজ্যে ঘুরেছি। অনেকে বলেন এখন চাকরির বাজার নেই, কিন্তু বাস্তবে চাকরির বাজার আছে – আমরা নিজেকে সেভাবে তৈরি করতে পারছি না বলেই সেই সুযোগ হারাচ্ছি।”

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “নিজেকে এমনভাবে তৈরি করো, যেন একটি চাকরি থাকলে সেটা তোমার হয়।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলার বার্তা দেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *